শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আক্কেলপুরে আওয়ামী নেতার ভাইয়ের রগ কাটল দুর্বৃত্তরা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার অপসারিত মেয়র ও আওয়ামী লীগ নেতা শহীদুল আলম চৌধুরীর বড় ভাই আলামিন চৌধুরীকে (৫২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল শুক্রবার সন্ধ্যার আগে পৌর শহরের পুরাতন থানার পেছনের সিঙ্গেল সড়কের টিএমএসএস কার্যালয় এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। আলামিন চৌধুরী আক্কেলপুর পৌর শহরের চৌধুরীপাড়া মহল্লার বাসিন্দা। তিনি দীর্ঘদিন রাশিয়ায় ছিলেন। কয়েক বছর আগে তিনি দেশে ফিরে আসেন।
হামলায় আলামিন চৌধুরীর ডান পায়ের হাঁটুর নিচের রগ ও মাংসপেশি কেটে গেছে। মুমূর্ষু অবস্থায় তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কারা কী কারণে এ হামলা চালিয়েছে, তা জানাতে পারেননি স্বজনেরা। পুলিশও এ বিষয়ে তাৎক্ষণিক তথ্য পায়নি বলে জানিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আলামিন চৌধুরীকে শুক্রবার সন্ধ্যা ৬টায় জরুরি বিভাগে আনা হয়। তাঁর ডান পায়ের হাঁটুর নিচের মাংসপেশী ও রগ কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, শুক্রবার সন্ধ্যার আগে আলামিন চৌধুরীকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনা কারা কী কারণে ঘটাল, তা এখনো জানা যায়নি। পুলিশের একটি টিম তদন্ত চালিয়ে যাচ্ছে৷

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This