×

বিধান সভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর ৪ দিন বন্ধ

পঞ্চগড় প্রতিনিধি
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে চারদিনের জন্য সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার ও ইনচার্জ আবুল কালাম আজাদ এবং ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস।
জানা গেছে, আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। এর পরদিন শুক্রবার সরকারি সাপ্তাহিক ছুটি থাকায় টানা চারদিন কার্যক্রম বন্ধ থাকবে। আগামী শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, এ সময় ইমিগ্রেশন চেকপোস্ট খোলা থাকলেও ভারতের পক্ষ থেকে বিধিনিষেধ থাকায় জরুরি প্রয়োজন ছাড়া পাসপোর্টধারী যাত্রীদের পারাপার বন্ধ থাকবে।
সূত্র জানায়, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ভুটান ও বাংলাদেশের সংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত এলাকায় নির্বাচনকালীন নিরাপত্তা ঝুঁকি কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, “সরকারি ছুটিসহ মোট চারদিন বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার সকাল থেকে আবার স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।”
বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেস বলেন, “ইমিগ্রেশন খোলা থাকলেও ভারত যাত্রী গ্রহণ না করায় বাস্তবে পারাপার বন্ধ থাকবে।”

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।