×

বিএনপি নেতার মিথ্যা বক্তব্যের প্রতিবাদে পীরগঞ্জে এমপি’র সংবাদ সম্মেলন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য নুরুল আমীনকে হুমকি এবং সরকারের উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগসহ রংপুর জেলা পরিষদের প্রসাশক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেল ৫ টায় জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান, পৌর জামায়াতের সভাপতি মাহবুবুর রহমানসহ উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এ সময় সাংসদ নুরুল আমিন বিএনপি কে চাঁদাবাজ, লুটপাটকারী আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে রংপুর পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক পদসহ সকল দায়িত্ব থেকে সাইফুল ইসলামকে অব্যাহতি দেয়ার জোর দাবি জানান। সেইসাথে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বরাদ্দ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা লুটপাট করেছেন বলেও সংবাদ সম্মেলনে বলেন। এ সময় এমপি ১১ দলীয় জোটের নেতাকর্মীদেরকে সকল অন্যায়, অপকর্ম, অশ্লীলতা, বেহায়াপনার বিরুদ্ধে সোচ্চার হয়ে জবাব দেয়ার নির্দেশ দেন। সংসদ সদস্য নুরুল আমিন আরো বলেন, রংপুর জেলা পরিষদের প্রসাশক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম তাঁর বক্তব্যে আমাকে ভোট চোর হিসেবে উল্লেখ করেন। এ বিষয়ে তিনি তো আদালতে মামলা করেছেন। বিচারাধীন বিষয়ে মন্তব্য করা উচিৎ নয়, সেটাও তিনি বোঝেন না। আদালত যদি আমাকে বাতিল করেন তাহলে আমি সেটা মেনে নেব। পরপর তিনবার সংসদ নির্বাচনে পরাজিত হয়ে স্বান্তনা পুরস্কার হিসেবে রংপুর জেলা পরিষদের প্রশাসকের মতো একটি অনির্বাচিত পদ বাগিয়ে নিয়ে একজন নির্বাচিত এমপির বিরুদ্ধে রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত বক্তব্য দিয়ে বেড়ান। আমি তাঁর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।