×

দিনাজপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর পৌরসভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন -২০২৬ এর উদ্বোধন করলেন দিনাজপুরের জেলা প্রশাসক। আজ রোববার সকাল সাড়ে নয়টায় দিনাজপুর পৌরসভার আয়োজনে পৌরসভার হল রুমে এই উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিনের অভাবে শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হতে পারে। বিশেষ করে ভিটামিন ‘এ’-এর ঘাটতির কারণে রাতকানাসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়। এ কারণে সরকার দীর্ঘদিন ধরে শিশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
জেলা প্রশাসক আরও বলেন, প্রাকৃতিকভাবে রঙিন ফল, সবজি ও ছোট মাছের মতো পুষ্টিকর খাবার থেকে ভিটামিন ‘এ’-এর চাহিদা পূরণ করা সম্ভব হলেও সবার সেই আর্থিক সামর্থ্য নেই। তাই দেশের প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’-এর সুরক্ষার আওতায় আনতে সরকার নিয়মিত এই কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বার্তা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে, যাতে কোনো শিশুই এ কর্মসূচির বাইরে না থাকে। তিনি অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোরও আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন, জেলা সিভিল সার্জন ডাঃ মো. গোলাম রসূল রাব্বি,পৌর নির্বাহী কর্মকর্তা মো. মজিবর রহমান, দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মমরেজ সুলতানা ,ইপিআই সুপার ভাইজার মো. হাসানুজ্জামান চৌধুরী, দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মো. সাদমান হোসেন প্রমুখ। উল্লেখ্য, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ও ১২ থেকে ৫৯মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হয়।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।