

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে আজ বুধবার সকালে বাংলাদেশ হকার্স ইউনিয়ন পুনর্বাসনের ব্যবস্থা না করে হকার উচ্ছেদ বন্ধ এবং হকারদের অধিকার নিশ্চিত করতে পৃথক হকার আইন প্রণয়ণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
পীরগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির সভাপতি সহকারী অধ্যাপক কামরুজ্জামান, ক্ষেতমজুর সমিতির সভাপতি এ্যাডভোকেট কাজী লুমুম্বা লুমু, বীর মুক্তিযোদ্ধা মোখলেছার রহমান প্রমুখ।
সমাবেশ শেষে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের নিকট স্মারলিপি প্রদান করেন। পৌর প্রশাসক মাহমুদুল হাসান হকারদের দোকান উচ্ছেদের জন্য আরো এক মাসের সময় দেন এবং সড়কের শৃংঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, পৌর সদরের ফুটপাতে দোকান ১ জুলাইয়ের মধ্যে উচ্ছেদের জন্য সম্প্রতি মাইকিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাহমুদুল হাসান।
