×

পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ভস্মীভূত, ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের ৫টি ইটের তৈরী বসতঘর, ৮০ মন চালসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের ছোট উজিরপুর গ্রামে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, অগ্নিকাণ্ডে উজিরপুর গ্রামের মৃত. আব্দুস সামাদের ছেলে বেলাল মিয়া, রাশেদুল ইসলাম ও তার মা আসমা বেওয়ার বসত বাড়ির ৫টি ঘর, ৮০ মন চাল, আসবাব পত্রসহ বিভিন্ন মালামাল সম্পুর্ণ পুড়ে ভস্মিভূত হয়ে যায়। ফায়ার সার্ভিস, গৃহকর্তাসহ এলাকাবাসীদের ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হরেয়ছে।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার নাজমুল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।
ক্ষতিগ্রস্ত রাশেদুল ইসলাম জানান, আমরা পরিবারের পুরুষরা সকালে ক্ষেতে কাজে গেছি। এরপর খবর পাই, বাড়ীতে আগুন লেগেছে। দৌড়ে বাড়ীতে এসে দেখি সব পুড়ে ছাই। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সর্বস্ব হারিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে শুকনা খাবার প্রয়োজনীয় জিনিস দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল আজিজ জানান, ইউএনও স্যারের নির্দেশে প্রাথমিক ভাবে ওই পরিবারের মাঝে শুকনা খাবার ও কম্বল দেয়া হয়েছে। পরবর্তীতে আরও সহায়তা দেয়া হবে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।