

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে সাঁওতাল কমিউনিটি পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ে রাষ্ট্রদূত মি. হোকন আরল্ড গুলব্রান্ডসেন। এসময় সাঁওতাল জনগোষ্ঠীর জীবন-সংস্কৃতি, শিক্ষা, আবাসনসহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন।
আজ রোববার দুপুর ১২টায় উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ (আলুর ডাঙা) গ্রাম পরিদর্শন করেন তিনি। এসময় সাঁওতাল জনগোষ্ঠী তাদের ঐতিহ্য অনুযায়ী ঢাক-ঢোল ও বাদ্য যন্ত্র নিয়ে নেচে গেয়ে তাকে বরণ করে নেন। পরে স্থানীয় হলিক্রশ গীর্জার বারান্দায় সাঁওতাল কমিউনিটির সাথে মত বিনিময় করেন তিনি।
মতবিনিময়ের সাঁওতাল জনগোষ্ঠীর প্রতিনিধি জেসমিন সরেন ও সঞ্চিতা মার্ডি আবাসন, শিক্ষা, সংস্কৃতির বিভিন্ন সুবিধা-অসুবিধা, সমস্য-সম্ভাবনা তুলে ধরেন।
এর আগে নরওয়ের রাষ্ট্রদূত মি. হোকন আরল্ড গুলব্রান্ডসেন রাজারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সরফ উদ্দীন (এসইউ) উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।
বিকেল সাড়ে ৪টায় উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর গ্রামে অবস্থিত থাউজেন্ট ডেইস্ ডট লাইফ হসপিটালস্ এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিঃ এর ৩য় বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।
এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ.জেড.এম রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ শাহ্, হাসপাতালের পরিচালক রনি চৌধুরী প্রমুখ।
