

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৮০ পিস ইয়াবা, ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, পঞ্চগড় সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার তেতুলিয়া উপজেলার ভজনপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আসামির নিজ দখলীয় তিন কক্ষবিশিষ্ট সেমিপাকা বসতবাড়ির শয়নকক্ষ থেকে ২৮০ পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে বাড়ির পশ্চিম পাশে থাকা একটি পুরাতন টিনশেড ঘরের খড়ির মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তি হলেন তেতুলিয়া উপজেলার ভজনপুর গ্রামের কৈলাস চন্দ্র সাহা ওরফে সতিশ ওরফে কলেজ (৩৮)। তিনি প্রফুল্ল চন্দ্র সাহার ছেলে।
এ ঘটনায় পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক মো. শফিকুল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করেছেন। জব্দকৃত আলামত আইনানুগ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়েছে এবং গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
