×

দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- নবাবগঞ্জে সমাজকল্যাণ মন্ত্রী

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক এজেডএম ডা. জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার মানুষের জীবনমান উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করছে। দেশের উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে জনগণের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, কোনো দুষ্কৃতকারী যেন সমাজে বিশৃঙ্খলা বা বিভাজন সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। কোনো অবস্থাতেই তাদের প্রশ্রয় দেওয়া যাবে না।
আজ শুক্রবার সকালে দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা অফিসার্স ক্লাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, দেশ আমাদের সবার। আমরা সবাই মিলেমিশে দেশের উন্নয়নে কাজ করব। কোথাও কোনো অন্যায় হলে নিজের হাতে আইন তুলে নেবেন না। আইন-আদালত ও প্রশাসনের শরণাপন্ন হোন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড, ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন, অফিসার ইনচার্জ এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে সমস্যার সমাধান করুন।
পরে ২০২৫-২৬ অর্থবছরের বিভিন্ন কর্মসূচির আওতায় দেশীয় ছোট মাছ চাষের উপকরণ, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা, বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। এছাড়া দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের অনুদানের চেক প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহিদুল ইসলাম ইলিয়াস, সহকারী পুলিশ সুপার (বিরামপুর সার্কেল) হারেজ উদ্দিন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।