×

পীরগঞ্জে মেয়েকে হত্যার দায়ে বাবার ফাঁসির রায়ের এক দশক পর গ্রেফতার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জের বহুল আলোচিত পিতা কর্তৃক শিশু তাজমিনা আক্তার (৬) হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি আবু তাহেরকে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। মামলার রায়ের এক দশক পর গাজীপুরের আশুলিয়া থানাধীন বাইপাইল থেকে গত শনিবার রাতে গ্রেফতার করা হয়।
মামলা বিবরণে জানা গেছে, রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের কাফ্রিখাল গ্রামের আশকর আলীর ছেলে আবু তাহের তার নিজ মেয়েকে পারিবারিক কলহের জেরে শ্বাসরোধ করে হত্যার পর পার্শবর্তী শ্যামপুর গ্রামের একটি আখ ক্ষেতে ফেলে রাখে। ২০০৭ সালের ১৩ ডিসেম্বর ওই আখক্ষেত থেকে লাশ উদ্ধার করে থানা পুলিশ। লাশ উদ্ধারের পর মা সালেহা বেগম বাদী হয়ে পরদিন ১৪ ডিসেম্বর পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ময়না তদন্তে শ্বাসরোধ করে হত্যার বিষয়ে নিশ্চিত হয়। ২০১৬ সালের অক্টোবর মাসে তার অনুপস্থিতিতে আদালত মৃত্যুদন্ডের রায় প্রদান করেন। দীর্ঘ দশ বছর পর গোপন সুত্রে সংবাদ পেয়ে পীরগঞ্জ থানার এসআই ইমরান হোসেন অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃত আসামী ছদ্দবেশে উল্লেখিত এলাকায় রিকশা-ভ্যান চালাতো বলে পুলিশ জানায়।
এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নজমূল হক জানান, মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী আবু তাহেরকে গ্রেফতারের পর গতকাল রোববার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।