

পঞ্চগড় প্রতিনিধি
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ধান ক্ষেতে বিগত দিনে আমরা মাছ পাইতাম, আজকে কান্দর বাড়িতে কোন মাছ নাই। মাছ পাওয়া যায় না। আমাদের সেই জীববৈচিত্র্যের পরিমাণ ফিরিয়ে নিয়ে আসতে হবে। সে মাছ যেন আমরা পাই, তার ব্যবস্থা করতে হবে। সেজন্য আধুনিক প্রযুক্তি আমরা ব্যবহার করছি। যে আধুনিক প্রযুক্তির মধ্য দিয়ে আমাদের সেই দিনগুলো ফিরে। আমি আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা ব্যক্তি বুঝি না, দল বুঝি না, জাতি বুঝি না, ধর্ম বুঝি না- আমাদের লক্ষ্য একটাই- বাংলাদেশ।
আজ রোববার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে কৃষি ঋণ মওকুফের সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কৃষক বাঁচলে এই বাংলাদেশ বাঁচবে, কৃষক স্বনির্ভর হলে, বাংলাদেশ স্বনির্ভর হবে। কৃষক রুখে দাঁড়ালে, বাংলাদেশ রুখে দাঁড়াবে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বিভিন্ন ব্যাংকের মাধ্যমে কৃষকদের হাতে ঋণ মওকুফের সনদ তুলে দেন। পাশাপাশি প্রত্যেক কৃষককে পাঁচটি করে গাছের চারা বিতরণ করা হয়।
জানা গেছে, বোদা উপজেলার ৫ হাজার ৮৯২ জন কৃষক এ কর্মসূচির আওতায় ঋণ মওকুফের সুবিধা পেয়েছেন। আর পঞ্চগড় জেলার মোট ২০ হাজার ৬৭১ জন কৃষক এ সুবিধা পাবেন। এছাড়া উক্ত সমাবেশে ৩০ হাজার বিভিন্ন রকমের গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে গম্ভীরা পরিবেশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে এ সময়
অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার আবু সাইম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি এবং সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
