

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৯নং সাতোর ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১টায় সাতোর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
“বন্ধ হোক শিশুশ্রম, শিক্ষার আলোয় ভরে উঠুক শিশুর জীবন ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিশু ফোরাম ও স্থানীয় জনগণের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি), ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং ৯নং সাতোর ইউনিয়ন পরিষদের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন রাজা। প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস।
স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বীরগঞ্জ এডিপির ম্যানেজার রবার্ট কমল সরকার।
প্রধান অতিথির বক্তব্যে নিবেদিতা দাস বলেন, আগামী প্রজন্মকে সুস্থ, শিক্ষিত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বাল্যবিবাহের কারণে মাতৃ ও শিশুর স্বাস্থ্যঝুঁকি বাড়ে এবং শিশুশ্রম শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, শারীরিক ও মানসিক বিকাশে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
পরে উপস্থিত সবার অংশগ্রহণে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে শপথ পাঠ করানো হয়। শপথ শেষে আনুষ্ঠানিকভাবে ৯নং সাতোর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চৌপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল সাত্তার মিলন, ইমাম শফিউল ইসলাম, হিন্দু নিবন্ধক পরিমল চন্দ্র রায়, ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান) মামুনুর রাশেদ মামুন, নিরুদ চন্দ্র রায়, ঋত্বিকেশ চন্দ্র রায়, সংরক্ষিত মহিলা সদস্য সাবিনা ইয়াসমিন, লাইলী বেগম ও শাহিনা বেগম। এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বীরগঞ্জ এডিপির প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা, সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, সাংবাদিক, অভিভাবক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে এ ধরনের তৃণমূলভিত্তিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং শিশুদের অধিকার ও নিরাপদ শৈশব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাতোর ইউনিয়নকে এ অবস্থানে ধরে রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
