

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর হিলিতে গত দুই দিন আগে (১৯ জুলাই) ‘থাকো, টাকা নিয়ে আসি মা’ বলে কোলের ছোট শিশু সন্তান দুই মেয়েকে রেখে চলে যাওয়া সেই শিশুর পরিবারকে আর্থিক সহায়তা করলেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন।
আজ মঙ্গলবার দুপুরে শিশু দুটির পরিবারকে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে আর্থিক সহায়তা প্রদান করেন ওসি জাকির হোসেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন জানান, গত ১৯ জুলাই দুপুরে জানতে পারি থানা মোড়ে রাস্তার পাশে দুটি শিশু সন্তান মা আসার অপেক্ষায় কাঁদছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে শিশু দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। দুই বোন জিমি ও জান্নাতির সাথে মিষ্টি ভাষায় কথা বলি। এরপর বড় মেয়ে জিমি কিছুটা পরিবারের কথা বলতে পারে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ভাবে প্রচার হওয়ায় পরে জানতে পারি শিশু দুটির বাড়ি জেলার ঘোড়াঘাট উপজেলায়। পরে তাদের দাদা দাদির হাতে দুই বোনকে ওই দিনই তুলে দেওয়া হয়।
তিনি আরও জানান, শিশু দুটির বাবা জীবন মাদকাসক্ত, তিনি ঢাকায় থাকেন। অভাব-অনাটনের সংসারে মা শাহনাজ ছোট সন্তানকে নিয়ে বড় দুই মেয়ে জিমি ও জান্নাতিকে রাস্তার পাশে রেখে যান। যাওয়ার সময় শিশু দুটিকে বলেন ‘থাকো, টাকা নিয়ে আসি মা’।এরপর থেকে তাদের মা আর ফিরে আসেনি। আজ তার পরিবারের লোকজন কে আমার সাধ্যমত আর্থিক সহায়তা করেছি।
