

পঞ্চগড় প্রতিনিধি
সম্প্রতি পানি সম্পদ প্রতিমন্ত্রীর নামে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন সচেতন সনাতন ধর্মাবলম্বীরা।
আজ শনিবার দুপুরে আয়োজিত এসব কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ শতাধিক সনাতনী নারী-পুরুষ অংশ নেন। বেলা ১২টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংক মোড় ও সিনেমা হল সড়ক হয়ে পঞ্চগড় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।
পরে পঞ্চগড় প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের দেবীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায়। তিনি বলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দেশের সনাতন ধর্মাবলম্বীদের আস্থাভাজন নেতা। তাঁর সুনাম ও জনপ্রিয়তা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে প্রযুক্তির অপব্যবহার করে একটি ভিডিও তৈরি ও প্রচার করা হয়েছে বলে তারা মনে করেন।
তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সনাতন সম্প্রদায়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভিডিও তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
কর্মসূচি থেকে বক্তারা এ ধরনের অপপ্রচার বন্ধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ ও সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
