

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার দুপুর বারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আলোচনা সভা শেষে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে আয়োজিত আলোচনা সভা র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হয়ে একই স্থানে এসে শেষ হয়।
আলোচনা সভা ও র্যালিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসনাত রবিন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. ইফতেখার আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা, উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন, হিলি প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গোলাম রব্বানী, গণমাধ্যম কর্মী, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্ম মায়েরা সহ অনেকে অংশ গ্রহণ করে।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুর জন্মের পর প্রথম এক ঘণ্টার মধ্যে শালদুধ পান করানো, জন্মের পর প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো এবং ছয় মাস পর উপযুক্ত পরিপূরক খাবারের পাশাপাশি দুই বছর বা তার বেশি সময় পর্যন্ত মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখা শিশুর সুস্থ বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসনাত রবিন বলেন,“বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ বিশ্বব্যাপী পালন করা হয়। এ কর্মসূচির মাধ্যমে মাতৃদুগ্ধের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
তিনি আরও জানান, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী হাকিমপুর হিলি উপজেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারণা ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা হবে।
