×

সিংড়া জাতীয় উদ্যানে দুর্বৃত্তের আগুন

 

 

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে সিংড়া জাতীয় উদ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হুমকিতে পড়ছে বনের পরিবেশ।
আজ সোমবার দুপুর দেড় টার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের সিংড়া জাতীয় উদ্যানের উত্তরাংশে প্রবেশ পথ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ৭ একরের বেশি বনে শুকনো শাল গাছ, ছোট গজারিগাছ, বেত বাগানসহ অনেক গাছপালা পুড়ে গেছে। আগুনের ফলে নতুন গাছ জন্ম নিতে পারেনা। বিনষ্ট হয় বন্য প্রাণীর আবাসস্থল। বন পোড়ানোর কারণে নষ্ট হচ্ছে পরিবেশ। বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী, কীটপতঙ্গ ও পাখি। ফলে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।
আগুনের ঘটনায় বিপুল পরিমাণ ক্ষতির আশংকা করেছেন বন কর্মকর্তা গয়া প্রসাদ পাল।
দুর্বৃত্তরা গহীন বনের ভিতরে আগুন লাগিয়ে পালিয়ে যায়, শুকনা পাতায় লাগা আগুনের লেলিহান শিখা দাও দাও করে জ্বলতে দেখে স্থানীয়রা ছুটাছুটি করে বন কর্তৃপক্ষকে খবর দেয়।
বীরগঞ্জ ফায়ার সার্ভিসে সংবাদ দেওয়া হলে তারা উপস্থিত হয়ে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে আগুন নিভানো কাজে ব্যস্ত ছিল।
ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজিউর রহমান রাজু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সিংড়া বিট কর্মকর্তা গয়া প্রসাদ পাল বলেন, বনে আগুন দেওয়া অপরাধ। এতে জীববৈচিত্র্য ও বন্য প্রাণীর নিরাপদ আবাসস্থল ধ্বংস হয়। ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি ও ভারসাম্য নষ্ট হয়। তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যাচ্ছে না তবে প্রায় ৭ একর বেত বাগান ও বাগানের শুকনা শাল গাছ পুড়ে গেছে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।