হাকিমপুরে বিনামূল্যে মুগডাল বীজ ও রাসায়নিক সার বিতরণ


হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর হিলিতে ২০২৫- ২৬ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে মুগডাল বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বিকেল তিনটায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে এইসব মুগডাল বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, কৃষি অফিসার মোছা. আরজেনা বেগম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মেজবাহুর রহমান, সমাজসেবা অফিসার মো. মাসুদ রানা, হিলি প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম রব্বানী, স্থানীয় গণমাধ্যম কর্মী ও কৃষকরা সহ অনেকে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা বলেন, সরকার কৃষকদের উন্নয়নের জন্য বিভিন্ন ভাবে কৃষি অফিসের মাধ্যমে ভর্তুকি দিয়ে আপনাদের এসব বীজ ও রাসায়নিক সার দিচ্ছে। আপনারা এগুলো সঠিক সময়ে চাষ করে দেশের মানুষের চাহিদা মিটাবেন এটাই আমরা চায়। আপনাদের যে কোন কৃষি পরামর্শের জন্য কৃষি অফিসার বা কৃষি অফিসে যোগাযোগ করবেন বলে আশা করছি।
উপজেলা কৃষি অফিসার মোছা. আরজেনা বেগম বলেন, মুগডাল চাষ বৃদ্ধির লক্ষ্য কৃষি প্রণোদনার আওতায় এই উপজেলার ২০ জন প্রান্তিক কৃষককে বিঘা প্রতি ৫ কেজি মুগডাল বীজ, ৫ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়েছে। কৃষকদের যে কোন সমস্যায় কৃষি অফিস মাঠ পর্যায়ে পর্যন্ত নিরলস ভাবে সেবা দিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
