×

বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠ থেকে অবৈধ ৮৪ দোকান উচ্ছেদ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে জেলা প্রশাসন ও জেলা পরিষদের সরাসরি হস্তক্ষেপে ফলের দোকান, খাবার হোটলসহ ৮৪টি বিভিন্ন দোকান ঘর, শ্রমিক অফিস, মাইক্রো স্ট্যান্ডসহ বাধাহীন ভাবে অবৈধ স্থাপনা অপসারণ এবং উচ্ছেদ করে সরকারী ১ একর ৪৪ শতক জমি উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মঞ্জুর মোর্শেদ। এসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, উদ্ধারকৃত সম্পত্তির মালিক জেলা পরিষদ। স্থানীয়ভাবে এটি ঐতিহ্যবাহী ডাক্তার-খানা মাঠ নামে বহুল পরিচিত।
তিনি আরও বলেন, একইভাবে মহাসড়কে কাহারোল মোড় হতে ফিসারী মোড় পর্যন্ত ফুটপাতের দোকানগুলো উচ্ছেদ করাসহ সরকারী জমি উদ্ধার করা হবে। ইতোমধ্যে তাদেরকে দোকান সমূহ অন্যত্র সরিয়ে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
দীর্ঘদিন থেকে মূল্যবান এই জমি বেদখলে ছিল, বিভিন্ন জন বেআইনী ভোগ দখল ও দোকানপাট করে আসছিল।
প্রশাসনের উপস্থিতির পূর্বেই মাইকিংয়ের পর অধিকাংশ দোকান মালিক নিজেরাই তাদের মালামাল সরিয়ে নিয়ে দোকান ঘর গুলো ভেঙ্গে নিয়েছে। কোন প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই অভিযান সফল করা হয়েছে।

প্রায় ৬ ঘন্টা ব্যাপী উপজেলা প্রশাসন, ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী, পৌরসভার কর্মকর্তা কর্মচারী, ফায়ার সার্ভিস কর্মী, বিপুল সংখ্যক পুলিশ ও আনসার বাহিনীসহ অভিযান পরিচালনায় সহায়তা করে।
পরবর্তীতে এখানে কি করার পরিকল্পনা রয়েছে এমন প্রশ্নে ম্যাজিস্ট্রেট বলেন, এই উচ্ছেদ অভিযানে আমি কেবলমাত্র একজন নিয়োজিত ম্যাজিস্ট্রেট। সকলের সহযোগিতায় উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করেছি। পরবর্তীতে জমির মালিক জেলা পরিষদ এবং দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয়ের পরামর্শ ও পরিকল্পনায় উন্নয়নমূলক প্রকল্প গৃহীত হবে।