×

নন্দীগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষ্যে র‍্যালি, হাত ধোয়ার প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে নন্দীগ্রাম বিয়াম ল্যাবরেটরি স্কুল চত্বরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নন্দীগ্রাম কার্যালয়ের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মামুনার রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুশান্ত কুমার ঘোষ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নন্দীগ্রাম কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী শুভ্র বসাক, ইউআরসির ইন্সট্রাক্টর শামসুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, উপজেলা সমবায় কর্মকর্তা ঝরনা রানী দেবনাথ, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা শরিফুল ইসলাম সবুজ, নন্দীগ্রাম বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মেহেদী হাসান, সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, আরেফা সুলতানা ও সালমা খাতুন প্রমুখ।
আলোচনা সভায় সুস্বাস্থ্য রক্ষা, রোগ প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বজায় রাখতে সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি দৈনন্দিন জীবনে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
ওই সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।