

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভে কাজ করার সময় মিস্টার চ্যাং সিয়াওজুন (৪৩) নামে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে।
খনি সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টায় দৈনন্দিন কাজের অংশ হিসেবে দুইজন স্থানীয় শ্রমিকসহ ভূ-গর্ভে যান মিস্টার চ্যাং সিয়াওজুন। তিনি স্থানীয় শ্রমিকদের বিভিন্ন স্থানে গ্যাস পরিমাপের জন্য পাঠিয়ে নিজে ১৩০৫ নম্বর ফেইসের সীল ওয়ালের পাশে গ্যাস পরিমাপ করতে যান। পরবর্তীতে সহকর্মী স্থানীয় শ্রমিকগণ তাঁকে ভূ-গর্ভের নির্ধারিত স্থানে খুঁজে না পাওয়ায় বিষয়টি সারফেস কন্ট্রোলরুমে অবহিত করেন। রেসকিউ টিম মঙ্গলবার সকাল ৭টার দিকে তাঁকে ১৩০৫ নম্বর ফেইসের সীল ওয়ালের পাশে অচেতন অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খনি কর্তৃপক্ষ মৃত্যুর কারণ বলতে না পারলেও অক্সিজেনের ঘাটতি জনীত কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারনা করছেন সাধারণ শ্রমিকরা। খনিতে বর্তমানে প্রায় ২০০ শ্রমিক কর্মরত রয়েছেন বলে জানা যায়।
বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার ভোরের দিকে ভূগর্ভে ১৪০৫ নং ফেইসে তিনিসহ তার একটি টিম কাজ করছিলেন। তাদের শিফট ডিউটি শেষ হলে সবাই চলে এলেও তিনি না আসায় তার সঙ্গীরা কন্ট্রোলরুমে বিষয়টি জানান। পরে রেসকিউ টিম গিয়ে ভূ-গর্ভের ১৩০৫ নম্বর ফেইসের সীল ওয়ালের পাশে একটি রাস্তা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপরে নিয়ে আসে। পরে চ্যাং সিয়াও জুন কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আইনি প্রক্রিয়া শেষে ঠিকাদারী প্রতিষ্ঠান চাইনীজ কনসোর্টিয়াম তাদের নিয়ম অনুযায়ী মরদেহ সৎকারের ব্যবস্থা গ্রহণ করবে।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, নিহত ওই চীনা শ্রমিকের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রয়েছে। সেখানে ময়না তদন্তের প্রক্রিয়া চলছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
