

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
সকলে ঐক্যবদ্ধ হয়ে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় শতগ্রাম ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
“আমার গ্রাম আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্য বিয়ে মুক্ত ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিশু ফোরাম ও স্থানীয় জনগণের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি), ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং ৩নং শতগ্রাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান মতি। প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস।
স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বীরগঞ্জ এডিপির ম্যানেজার রবার্ট কমল সরকার।
প্রধান অতিথির বক্তব্যে নিবেদিতা দাস বলেন, সকলে মিলে ঐক্যবদ্ধ হলে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত করা সম্ভব। তাই আসুন আগামী প্রজন্মকে সুস্থ, শিক্ষিত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, বাল্যবিবাহের কারণে মাতৃ ও শিশুর স্বাস্থ্যঝুঁকি বাড়ে এবং শিশুশ্রম শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, শারীরিক ও মানসিক বিকাশে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে ৩নং শতগ্রাম ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেডিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিনুর আলম, মুসলিম নিকা নিবন্ধক ও ইমাম হাফিজুর রহমান , ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান) আনোয়ার হোসেন, আব্দুল সালাম সহ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ এপি’র প্রোগ্রাম বাপ্পি জয় ধর, শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, সাংবাদিক, অভিভাবক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে এ ধরনের তৃণমূলভিত্তিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। শতগ্রাম ইউনিয়নকে এ অবস্থানে ধরে রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
