

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
উল্টো রথ টানার মধ্য দিয়ে শুক্রবার শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। গত ১৬ জুলাই নয় দিনব্যাপী এ উৎসবের সূচনা হয়েছিল।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত অর্থ বিশ্ব আর নাথ অর্থ ঈশ্বর—অর্থাৎ জগন্নাথ হলেন জগতের ঈশ্বর। তাঁর কৃপা লাভ করলে মানুষের মুক্তি ঘটে এবং জীবরূপে পুনর্জন্ম নিতে হয় না—এমন বিশ্বাস থেকেই রথে জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রার আয়োজন করা হয়।
উল্টো রথযাত্রা উপলক্ষে আজ শুক্রবার সকালে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের সুন্দরীহাটগাছ এলাকায় অবস্থিত শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর নামহট্ট (ইসকন মন্দির) প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় শ্রী রতন কুমার সাহা রেন্টু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। এমপি মনজুরুল ইসলাম সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা মহোৎসবের শুভেচ্ছা জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তি বজায় রাখার আহ্বান জানান।
এ সময় ব্রহ্মচারী শ্রীপাদ ভক্তনাথ গৌরাঙ্গ দাস, ব্রহ্মচারী শ্রীমান মহাবীর্য দাস, গৌরহরি দাস, কালীপদ রায়, পাদ সুদাময় গোপাল দাস,সুভাষিনী মিত্রক দেবী, উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক মো. শাহজান সিরাজ শিপনসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ভক্তবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
