গণভোটকে কার্যকর ও সফল করতে ভোটাধিকার প্রয়োগের আহ্বান: আসিফ নজরুল


গাইবান্ধা প্রতিনিধি
আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল গণভোটকে আরও কার্যকর ও সফল করতে সংশ্লিষ্ট সকলের প্রতি ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, একটি সুন্দর বাংলাদেশ গড়তে হলে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে গণভোটে অংশ নিতে হবে।
আজ সোমবার দুপুরে গাইবান্ধা শহরের ইনডোর স্টেডিয়ামে আসন্ন গণভোটের প্রচার ও জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে হবে জুলাই বিপ্লবের চেতনায়। জুলাই গণঅভ্যুত্থানের সেই চেতনা সমুন্নত রাখতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে প্রস্তাবটি পাস করাই একমাত্র পথ।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের মধ্যে গণভোট বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা জরুরি, যাতে ভোটগ্রহণের দিন তারা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মাসুদার রহমান মোল্লা। সভায় জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
