

স্টাফ রিপোর্টার
‘শিশুর নিরাপত্তা, স্বপ্নের পূর্ণতা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলার গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে তরতবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ চত্বরে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক নিকোলাস কিস্কুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরতবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবা বিনতে মাহবুব, গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম, শিশু পরিষদ সভাপতি বিভা কর্মকার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শিশুরা বয়সে ছোট হওয়ায় নিজেদের দাবি তুলে ধরা কিংবা তা আদায়ের সক্ষমতা তাদের সীমিত। পাশাপাশি, তারা সংগঠিত হওয়ারও তেমন সুযোগ পায় না। ভোটাধিকার না থাকায় শিশুরা সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের ওপর নির্ভরশীল। অথচ শিশুদের অধিকার রক্ষা, তাদের সম্মান নিশ্চিত করা এবং প্রয়োজনীয় অধিকার পূরণের দায়িত্ব প্রাপ্তবয়স্কদেরই।
একাডেমিক সুপারভাইজার মো. আবুল কালাম আজাদ বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে সরকারি সহায়তা নম্বর ১০৯৮-এ টোল-ফ্রি কল করে অভিযোগ জানানো যাবে। বাল্যবিয়ে সংক্রান্ত যেকোনো তথ্য বা অভিযোগ পেলে দ্রুত এই নম্বরে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। এসময় ক্যাম্পেইনে ৩০০ জন অভিভাবক, ছাত্রছাত্রী ও শিক্ষক উপস্থিত ছিলেন।
