×

বোচাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৭ মাসের মীর মুক্তের

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে টেবিল ফ্যানের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মীর মুক্ত নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ৩নং মুর্শিদহাট ইউনিয়নের চাপাইতোর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মীর মুক্ত ওই গ্রামের মো. আশরাফ আলীর ছেলে।
শিশুটির চাচা মেহেদী জানান, সকাল সাড়ে ৯টার দিকে মীর মুক্ত বাড়ির বারান্দায় খেলছিল। এ সময় বারান্দায় রাখা টেবিল ফ্যানের তারে অসাবধানতাবশত হাত লাগলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে।
পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মারিয়া বিনতি মেহবুব।