

নিজস্ব প্রতিবেদক
ইংরেজি শিক্ষায় ভীতি দূর এবং ভাষার দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের অধিক আত্মবিশ্বাসী করে গড়ে তোলার লক্ষে দিনাজপুরে ‘বিরলে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিরল উপজেলা একাডেমিক সুপারভাইজার আকলিমা বানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন মো. আনিসুজ্জামান মিলন, গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রোগ্রাম অফিসার মো. আরমান ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। নতুন বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় ইংরেজিতে দক্ষতা বাড়াতে হবে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের শেখার মনোভাব দৃঢ় ও দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। যা নতুন প্রজন্মকে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষকদের বিশেষ ভূমিকা রাখতে হবে। একজন ভালো শিক্ষকের ছাত্র অবশ্যই দক্ষ ও যোগ্য হয়ে উঠবে। এক্ষেত্রে শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্যদেরও ভূমিকা রাখতে হবে। সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।
