×

হিলি সীমান্ত এলাকায় যৌথ অভিযানে যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি, উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে কুরিয়ার সার্ভিসের ষ্টোর রুম থেকে ৬৪৬ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বিজিবি।
বিষয়টি আজ বুধবার মধ্যে রাতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০বিজিবির) মিডিয়া সেল এ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন বিজিবি কতৃপক্ষ।
মঙ্গলবার রাতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধীনস্থ হিলি বিওপির সীমান্ত পিলার ২৮৫/১১ এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাংলাহিলি পোস্ট অফিস রোডে ষ্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের ষ্টোর রুম থেকে এসব সিরাপ জব্দ করা হয়।
বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, বাংলাহিলি পোস্ট অফিস রোডে অবস্থিত ‘ষ্টেট ফাষ্ট কুরিয়ার সার্ভিসের ষ্টোর রুম’ থেকে পিক-আপ গাড়িতে করে বিপুল পরিমাণ নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ এবং মাদকদ্রব্য দেশের বিভিন্ন এলাকায় যাবে। সন্দেহ ভাজন গাড়িটি উক্ত এলাকায় পৌঁছিয়েছে এমন তথ্যের ভিত্তিতে বিজিবি টহল দল, উপজেলা সহকারী কমিশনার ভূমি, ও স্থানীয় পুলিশ উক্ত এলাকার শান্তির মোড় নামক স্থানে তল্লাশি অভিযান চালিয়ে আসামী বিহীন নিষিদ্ধ যৌন উত্তেজক ‘তনু লাইয়ন’ দুই কার্টুনে ৬৪৬ বোতল সিরাপ উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা। উদ্ধারকৃত নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপের সিজার মূল্য ১ লাখ ৬১ হাজার ৫শ’ টাকা।
বিজিবি আরও জানায়,উদ্ধারকৃত সিরাপের বিষয়ে হাকিমপুর থানায় জিডি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে উদ্ধারকৃত মালামাল ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা রাখা হবে এবং পরবর্তীতে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের মাধ্যমে বিধি মোতাবেক ধ্বংস করে নিষ্পত্তি করা হবে।
বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নের পাশাপাশি এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছেন বিজিবি।