×

জমি ভাড়া নিয়ে পেট্রোল পাম্প স্থাপন, মেয়াদ শেষ হলেও জমি ছাড়তে গড়িমসি

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে লিজ চুক্তি ভঙ্গ করে পেট্রোল পাম্প চালু রেখে জমি দখলের অভিযোগ উঠেছে। উপজেলার চিরিরবন্দর মৌজায় অবস্থিত মেসার্স চিরিরবন্দর ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মো. রজব আলী সরকার ও শামিমা আক্তারের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। জমির প্রকৃত মালিক মো. সাখাওয়াত রেজা বাদী হয়ে চিরিরবন্দর থানায় একটি লিজ চুক্তি ভঙ্গ করে জমি দখলের অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০০৯ সালের ২০শে আগষ্ট চিরিরবন্দর ফিলিং স্টেশন তৈরি করার জন্য দিনাজপুর জেলার আইনজীবী বিভূতি ভুষণ রায় এর মাধ্যমে চিরিরবন্দর মৌজা জে.এল নং ৬১ এর অন্তর্ভুক্ত ২০২/১ খতিয়ানের ১৭১ দাগের ০.৪৮ একর জমির ভাড়া চুক্তি সম্পাদিত হয়। এতে মালিকপক্ষ তথা মৃত ইলিয়াস আলী সরকার ও আলহাজ্ব মো. ইউসুফ আলী অপরপক্ষে ভাড়াটিয়া মো. রজব আলী সরকার ও মৃত রওশন আলী সরকার এর করা চুক্তি অনুযায়ী ২০০৯ সালের ১লা অক্টোবর থেকে ২০২৪ সালের ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত ১৫ বছর মেয়াদি একটি সম্পত্তি ভাড়ার চুক্তিনামা সম্পাদিত হয়।
সেই সম্পত্তি ভাড়ার চুক্তিনামা অনুযায়ী ভাড়ার মেয়াদকাল শেষ হলেও সম্পত্তির দখলস্বত্ব মালিকপক্ষকে ফেরত দিতে বাধ্য থাকবে ভাড়াটিয়া পক্ষ। ভাড়া চুক্তির মেয়াদ শেষ হলেও চুক্তি নবায়ন বা দখল স্বত্ব ফেরত দিতে রাজী নয় ভাড়াটিয়া পক্ষ। এরই মধ্যে দেড় বছর অতিবাহিত হলে গত ২০শে এপ্রিল মালিকপক্ষ মৃত ইলিয়াস আলী সরকার এর ছেলে মো. সাখাওয়াত রেজা ভাড়াটিয়াদের কাছে আবারও দখলস্বত্ব ফেরত চায়।কিন্তু ভাড়াটিয়া পক্ষ জমির দখলস্বত্ব ফেরত দিতে আবারও গড়িমসি শুরু করে। যার পরিপ্রেক্ষিতে নিরুপায় হয়ে মালিক পক্ষে মো. সাখাওয়াত রেজা বাদী হয়ে চিরিরবন্দর থানায় একটি সম্পত্তি ভাড়ার চুক্তিভঙ্গের অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে চিরিরবন্দর ফিলিং স্টেশন এর স্বত্বাধিকারী মো. রজব আলী সরকারের সাথে যোগাযোগ করতে তার ফিলিং স্টেশনে গেলে তাকে পাওয়া যায়নি। মুঠোফোনে তাকে একাধিক বার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।
চিরিরবন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবীর কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তাধীন।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।