

গাইবান্ধা প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গা এলাকা থেকে ট্রাকসহ ছিনতাই হওয়া ২৯টি গরুর মধ্যে ৯টি উদ্ধার করেছে গাইবান্ধার সাদুল্লাপুর থানা পুলিশ। তবে গরুবাহী ট্রাকটির এখনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের তাহেরপুর গ্রামের কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা গরুগুলো সাদুল্লাপুর থানায় নেওয়া হয়।
পুলিশ ও গরুর মালিকদের বরাতে জানা যায়, শুক্রবার বিকেলে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের কদিমকাকনা গ্রামের গরু ব্যবসায়ী আতোয়ার শেখ, জরিফ শেখ, বুদ্ধ শেখ, ইয়াদ আলী ও সানোয়ার মিয়া পঞ্চগড়ের হাট থেকে ২৯টি গরু কিনে ট্রাকে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। শনিবার ভোররাত ৩টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় পৌঁছালে ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল খালি একটি ট্রাক দিয়ে গরুবাহী ট্রাকটির গতিরোধ করে।
এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীদের জিম্মি ও মারধর করার পর হাত-পা বেঁধে মহাসড়কের পাশে ফেলে রেখে গরুবাহী ট্রাকটি নিয়ে যায় ডাকাতরা। তাদের কাছ থেকে প্রায় তিন লাখ টাকাও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
গরু ব্যবসায়ী আতোয়ার শেখ জানান, ডাকাতরা ট্রাকটি নিয়ে রংপুরের দিকে যাওয়ার সময় তিনি কৌশলে গরুর নিচে লুকিয়ে ছিলেন। পরে রংপুরের পীরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ডাকাতরা বিষয়টি টের পেলে তিনি চলন্ত ট্রাক থেকে লাফ দিয়ে নেমে যান। এরপর ট্রাকটি গাইবান্ধার দিকে চলে যায়।
পরবর্তীতে খোঁজ নিয়ে গরুর মালিক ও স্বজনরা জানতে পারেন, সাদুল্লাপুরের তাহেরপুর এলাকায় ট্রাক থেকে গরুগুলো নামানো হয়েছে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৯টি গরু উদ্ধার করে। বাকি ২০টি গরু ও ট্রাক উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।
সাদুল্লাপুর থানার ওসি একেএম হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাকি গরু ও ট্রাক উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
