

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুররের বীরগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব দণ্ড দেওয়া হয়।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্তদের দণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাকড়াই এলাকায় বীরগঞ্জ থানার পুলিশ ফোর্স অভিযান চালিয়ে মাদক বিক্রেতা ও মাদক সেবনের দায়ে ৪ জনকে গ্রেপ্তার করে। পর ভ্রমমাণ আদালতে সুজালপুর হাটখোলা এলাকার মৃত লুৎফর রহমান এর ছেলে রবিউল ইসলাম (৫০) কে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড, মাড়াই গ্রামের সুফল মূর্মু এর ছেলে সোম মুরমু (৩৫) কে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড, একই এলাকার সোহরাব আলীর ছেলে মো. আলমগীর ইসলাম (২৭) কে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও আবেদ আলীর ছেলে মোরশেদ আলম (২৩) কে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেকে একশত টাকা অর্থদণ্ড প্রদান করেন।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
