

দিনাজপুর প্রতিনিধি
“ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্খা” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
আজ বুধবার দুপুর ১২টায় যুব উন্নয়ন অধিদপ্তর, দিনাজপুরের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডেমক্রেসিওয়াচের আয়োজন এবং ব্রিটিশ কাউন্সিলের ইয়ুথ কানেক্ট ও ইয়ুথ গ্রীন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রজেক্টের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (অঃ দাঃ) মামুন হাসান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব প্রশিক্ষণ কেন্দ্র, দিনাজপুরের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ মোস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক (দপ্তর বিজ্ঞান) মোহাম্মদ রায়হান আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেমক্রেসিওয়াচের প্রতিনিধি রাখী গোপাল দেবনাথ।
অনুষ্ঠানে বক্তারা যুব সমাজের ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সামগ্রিক অগ্রগতিতে তরুণদের ভূমিকা ও আকাঙ্খার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, বর্তমান বিশ্বের পরিবর্তিত প্রেক্ষাপটে দক্ষ, সচেতন ও দায়িত্বশীল যুবসমাজ গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ গ্রহণ প্রয়োজন।
আলোচনা সভায় বিভিন্ন স্থানীয় যুব সংগঠনের প্রতিনিধি, প্রশিক্ষণার্থী, শিক্ষার্থী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষে প্রাণ ও প্রকৃতির সুরক্ষা নিশ্চিত করতে শপথ বাক্য পাঠ করান দিনাজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (অঃ দাঃ) মামুন হাসান চৌধুরী। তিনি পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে তরুণদের আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
