

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে জেলা এনসিপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান চৌধুরী নিশাদ এর সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন তার চাচী জেবউন নেহার।
সম্প্রতি এনসিপি নেতা নিশাদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় জমি দখলের চেষ্টার লিখিত অভিযোগ করেন জেবউন নেহার। অভিযোগ সূত্রে সংবাদ প্রকাশিত হলে ওই নেতা অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। তারই প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জেবউন নেহার।
শনিবার (১৫আগস্ট) বেলা ১১ টায় উপজেলার রাঙামাটি (ছোয়ানী) এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জেবউন নেহার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, মোমিনুল ইসলাম চৌধুরী, আব্দুল মাজেদ চৌধুরী, মোজাহারুল ইসলাম চৌধুরী আমার স্বামী রবিউল ইসলামের চাচাত ভাই ও এনসিপি নেতা ইমরান চৌধুরী নিশাদ তাদের ওয়ারিশ। গত ৬ আগস্ট জমি সংক্রান্ত বিরোধের জেরে তারা রাঙামাটি মৌজার ১১৪৫ দাগে বিরোধপূর্ণ জমি দখলের উদ্দেশ্যে আমার অনুপস্থিতিতে টিনের দোকানঘর নির্মাণের চেষ্টা করে। আমি দুদিন পর ফুলবাড়ী থানায় তাদের বিরুদ্ধে জমি দখলের একটি অভিযোগ করি। স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে এসে অনুসন্ধান করে একটি নিউজ করেন। এরপর গত ১২ আগস্ট বিবাদীগণ সংবাদ সম্মেলন করে জমি দখলের অভিযোগকে মিথ্যা ও পরিবেশিত সংবাদকে অপপ্রচার বলে দাবি করে। যা মোটেও সঠিক নয়।
তিনি বলেন, আদালতের একটি রায়ে জমির দলিলের দাগ নং ১১৪৫ এর স্থলে ভুলবশত ১৬৪৫ লিপিবদ্ধ হওয়ায়, টাইপিং মিসটেককে হাতিয়ার করে তারা আমাদের বৈধ জমিকে অবৈধ বলে অপপ্রচার করছে। প্রকৃত পক্ষে জমির দলিলসহ যাবতীয় কাগজপত্রে দাগ নং ১১৪৫ রয়েছে। যে জমি আমরা ১৯৮৮ সালে ক্রয় করেছি, একই মালিকের কাছে তারা ১৯৯১ সালে ওই জমি কীভাবে ক্রয় করে!
ওই সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বক্তব্য প্রদান করেছেন তিনি। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
তিনি অভিযোগ করে বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুর জেলার সদস্য সচিব ইমরান চৌধুরী নিশাদকে আগে দেখা না গেলেও ৫ আগস্টের পরে জমি দখলের তৎপর হয়ে উঠেছেন। আমার জমিতে টিনের ঘর নির্মাণ করতে গেলে আমি বাধা দিলে আমার বিল্ডিং ভেঙে জমি দখলের হুমকি দেন। আমি এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতে চাই- দলের নাম ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন দপ্তরে অনৈতিক প্রভাব বিস্তার করে ওই ইমরান চৌধুরী নিশাদ দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুর জেলা সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ইমরান চৌধুরী নিশাদ অভিযোগ সম্পর্কে বলেন, জমি মাপযোখের সময় তারাই আমাকে ডেকেছিল। আমি শুধুমাত্র মাপযোখের সময় উপস্থিত ছিলাম। আমার বিরুদ্ধে জমি দখলের বিষয়ে যে অভিযোগ করেছে, তা সম্পূর্ণ মিথ্যা।
এছাড়া সেখানে পুলিশের উপস্থিতিতে আমি শুধু বলেছি, মাপযোখ করে যদি জমি আমাদের সীমানায় বেশি থাকে তবে আমরা ছেড়ে দেব। কিন্তু যদি তাদের সীমানায় জমি পাইলে অবশ্যই তা আইনের মাধ্যমে আদায় করে নেব। অথচ এই কথাটাকে তারা হুমকি বলে অপপ্রচার করছে।#
