×

তরুণ সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই- সমাজকল্যাণ মন্ত্রী

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
তরুণ সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা যুবসমাজকে মাদক ও অনলাইন জুয়া থেকে দূরে রাখে এবং তাদের সুগঠিত করে বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি।
শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে বিরামপুর বড় মাঠ (মিনি স্টেডিয়ামে) আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন বলেন, আপনার আমার সন্তানকে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ এবং ভালো মানের খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে হবে। আগামী প্রজন্মকে যদি আমরা রক্ষা করতে চাই,তাহলে তাদেরকে পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক গঠনে খেলাধুলাসহ অন্যান্য চরিত্র গঠনের যে সমস্ত মাধ্যম আছে সেগুলোতে উৎসাহী করতে হবে। তবেই আজকের তরুণ ও যুবসমাজ আগামী দিনে নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠতে পারবে।
মন্ত্রী উপস্থিত দলীয় নেতা-কর্মী ও সবার উদ্দেশ্য বলেন, আমরা যারা সমাজে রাজনীতির বাইরেও পেশাজীবী, বিভিন্ন ব্যবসায়ী,শিক্ষক, স্কুল,কলেজ,মাদ্রাসার বা সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারী, কৃষক,শ্রমিক সব শ্রেণী পেশার মানুষ আছি, আমাদের প্রত্যাকের নিজ নিজ জায়গা থেকে নাগরিক দায়িত্ব আছে। সেই লক্ষ্যেই রাজনীতির বাইরে গিয়ে আমাদের এই আয়োজন।
আমরা শুরু করতে যাচ্ছি আমাদের চারটি উপজেলায় ২৩টি ইউনিয়ন এবং ৩টি পৌরসভাসহ, মোট ২৬টি দল হবে। ৪টি উপজেলার মধ্যে অর্থাৎ নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর এই ৪টি উপজেলার মধ্যে প্রথম রাউন্ডে খেলা হবে। দ্বিতীয় রাউন্ডের খেলাও চারটি উপজেলায় হবে। ফাইনাল খেলা হয়তো এখানে হবে,তবে সেমিফাইনালগুলো বিভিন্ন উপজেলায় হবে।
মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক ও হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান সহ চার উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।