

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনাজপুরের বোচাগঞ্জে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোচাগঞ্জ উপজেলা শাখা।
আজ সোমবার বিকেলে সেতাবগঞ্জ বাজারে উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল হকের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহাবুব আলম, সেতাবগঞ্জ পৌর জামায়াতের আমির মাসুম বিল্লাহসহ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বাজারের বিভিন্ন স্থানে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয়সংবলিত লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে কোথাও পানি জমতে না দেওয়া, বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বিভিন্ন পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণের আহ্বান জানানো হয়।
এ ছাড়া দিনের বেলাতেও মশার কামড় থেকে সতর্ক থাকার এবং জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। এ লক্ষ্যে দেশব্যাপী জনসচেতনতা সপ্তাহের অংশ হিসেবে বোচাগঞ্জে এ কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা সাধারণ মানুষকে নিজেদের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় পানি জমে থাকার স্থানগুলো নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানান।
