

নিজস্ব প্রতিবেদক
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, আমাদের টার্গেট হচ্ছে মানুষকে জাগিয়ে তোলা। এখানে অনেক অব্যবহৃত সম্ভাবনা রয়েছে। যারা এক সময় নিজেরা বের হয়ে আসবে। আমাদের কাজ হচ্ছে তাদের বের হয়ে আসার পরিবেশ তৈরি করে দেয়া।
আমরা চাই, আমাদের ছেলে মেয়েরা আমাদের চেয়ে ভালো জায়গায় অবস্থান করুক। তারা আমাদের চেয়ে যোগ্য হয়ে এই চেয়ার শুধু নয়, এর চেয়ে আরও বড় চেয়ারের মধ্যে কীভাবে বসা যায় সেভাবে নিজেদেরকে তৈরি করুক। দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে আয়োজিত দিনব্যাপী ‘জব ফেয়ার (চাকরি মেলা) উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, আমরা কোন অবস্থাতেই চাইনা এই প্রজন্মের তরুণরা মাদকাসক্ত হোক, অবহেলিত হোক, কর্মহীন হোক। আমার মনে হয়, তাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে, সেই প্রতিভার স্ফুরন তারা করতে পারবে যদি আমরা তাদেরকে শুধু গাইড করতে পারি। আজকের এই জব ফেয়ার যদি এইটুকু গাইড করতে পারে যে সুপ্ত প্রতিভার বিকাশ কীভাবে করা যাবে, আমরা মনে করি আমাদের কষ্ট সার্থক হবে। এই অঞ্চল একটি অবহেলিত অঞ্চল। কাজেই আমাদের এই অঞ্চলকে জাগিয়ে তুলতে এই জব ফেয়ার একটি ধাক্কা বা ঢেউ হিসেবে কাজ করবে।
আমরা শুধু মিষ্টি কথা বলে ভোট নেওয়ার জন্য রাজনীতি করিনা। রাজনীতি করি সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। শ্রেণি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেমন ধর্ম, তেমনি প্রধান মন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক দর্শনও এটি। সেই লক্ষ্যেই আমাদের এই আয়োজন।
যে সমস্ত ছেলে মেয়েরা লেখা পড়া শেষ করে চাকরির প্রত্যাশা করছে এবং কীভাবে তাদের ক্যারিয়ার গড়ে তুলতে হবে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। শুধু চাকরি নয় আগামী দিনে আমাদের ছেলে মেয়েদের উদ্যোক্তা হতে হবে।

মন্ত্রী জাহিদ হোসেন বলেন, বর্তমান ও আগামী দিনের অর্থনৈতিক বাস্তবতায় কেবল চাকরির পেছনে না ছুটে তরুণ-তরুণীদের কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে নতুন নতুন কর্মসংস্থান বা উদ্যোক্তা হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের যুবসমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিচ্ছে এবং ব্যবসা শুরুর জন্য আর্থিক সামর্থ্যহীনদের ‘সিড মানি’ সহ স্টার্টআপ ফান্ডের ব্যবস্থা রেখেছেন। তরুণ প্রজন্মকে দক্ষ ও শিক্ষিত মানবসম্পদে রূপান্তর করতে পারলে তারা শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও অবদান রাখতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, মফস্বল অঞ্চলের শিক্ষিত বেকার যুবসমাজকে চাকরির সন্ধানে দূর-দূরান্তে বা বড় শহরে যাওয়ার ভোগান্তি ও যাতায়াত খরচ কমাতে দেশের শীর্ষস্থানীয় ৮০টি স্বনামধন্য প্রতিষ্ঠানকে সরাসরি স্থানীয় পর্যায়ে নিয়ে আসা হয়েছে। এর মাধ্যমে প্রার্থীরা সরাসরি নিয়োগকারীদের সাথে যোগাযোগের সুযোগ পাচ্ছেন। স্থানীয় যুবসমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করে স্বাবলম্বী করা এবং সমকালীন প্রতিযোগিতামূলক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী তরুণদের ক্যারিয়ার গাইডলাইন ও দক্ষতা বৃদ্ধি (স্কিল ডেভেলপমেন্ট) করার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, এই মেলা দিনাজপুর-৬ আসনসহ সমগ্র উত্তরাঞ্চলের যুবসমাজকে কর্মমুখী করে তুলতে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দিনব্যাপী আয়োজিত ‘জব ফেয়ার (চাকরি মেলা) উদ্বোধনী অনুষ্ঠানে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরামপুর জব ফেয়ার কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক, দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক মো. মোফাজ্জল হোসেন দুলাল, পুলিশ সুপার মো. জেদান আল মুসা (পিপিএম) প্রমুখ।
উল্লেখ্য, তরুণ ও যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি লক্ষ্যে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী ডা. জাহিদ হোসেনের বিশেষ পরিকল্পনা ও ব্যবস্থাপনায় এই মেলার আয়োজন করা হয়। এ মেলায় ব্যাংক, টেক্সটাইল, ওষুধ, আইটি ও এনজিওসহ দেশের উৎপাদন ও সেবা খাতের শীর্ষস্থানীয় প্রায় ৮০টি দেশি ও আন্তর্জাতিক স্বনামধন্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। অনলাইনের মাধ্যমে বিভিন্ন এলাকার প্রায় ২৫ হাজার চাকরি প্রত্যাশী আবেদন করেছেন।
