বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ট্রাক দুর্ঘটনায় নিহত ৭ জনের বাড়ি নবাবগঞ্জ ও বিরামপুরে, এলাকায় শোকের মাতম

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুচদহ ইউনিয়নের খালিকপুর গ্রামে ও ৪ জনের বাড়ি বিরামপুর উপজেলায়।
আজ মঙ্গলবার ভোরে চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দিনাজপুর থেকে নোয়াখালীগামী একটি ট্রাকে করে ধান কাটার শ্রমিক হিসেবে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা। স্বল্প ভাড়ায় ট্রাকের ওপর উঠে যাত্রা করেছিলেন ১৩ জন শ্রমিক। ভোরে দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন এবং আহত হন অন্তত ছয়জন।
নিহতদের মধ্যে চারজনের বাড়ি বিরামপুর উপজেলার, তারা হলেন— সুমন (২১), আবু হোসেন (২৯), আব্দুর রশিদ (৫৮) ও বিষু মিয়া (৩৪)। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অপর তিনজন নিহতের বাড়ি নবাবগঞ্জ উপজেলার খালিপপুর গ্রামে। নিহতরা হলেন— আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০) ও সালেক (৪৫)।
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্র জানা যায়, জীবিকার তাগিদে তারা সবাই একসঙ্গে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এ দুর্ঘটনায় গ্রামগুলোতে নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের পরিবারে চলছে আহাজারি। অনেকেই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের হঠাৎ মৃত্যুতে পরিবারগুলো পড়েছে চরম অনিশ্চয়তায়।
৯নং কুচদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল আজিম বলেন – নিহত পরিবারদের সঙ্গে সাক্ষাৎ করেছি। আমরা গভীরভাবে শোকাহত, একটা গ্রামের তিনজন মানুষ চলে গেলেন। কিছু পরিবার আছে যে তাদের দেখার মত কেউ নাই। তাই সরকারের প্রতি আবেদন জানাই পরিবারের গুলোর পাশে দাঁড়ানোর জন্য।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS