বোচাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন


বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে সেতাবগঞ্জ বড় মাঠে গিয়ে শেষ হয়। পরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রভাতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে দুপুরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক সফিকুল আলম, বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানের অংশ হিসেবে ৯ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়।
