বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কৃষক কার্ড বিতরণে অনিয়মের সুযোগ নেই- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড় প্রতিনিধি
পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কৃষক কার্ড বিতরণে কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই। প্রকৃত কৃষকদের তালিকা যাচাই-বাছাই করেই এই কার্ড প্রদান করা হচ্ছে, যাতে তারা সরকারি সকল কৃষি সুবিধা সহজে পেতে পারেন।
আজ মঙ্গলবার বাংলা নববর্ষের প্রথম দিন উপলক্ষে পঞ্চগড়ের পাঁচপীর বৈরাতি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ২ হাজার কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে ঘোষিত নির্বাচনী প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগগুলো এরই অংশ, যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, সরকার কোনো ধরনের বৈষম্য বা বিভাজনের রাজনীতি বিশ্বাস করে না। ধর্ম, বর্ণ, দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়েই একটি সম্প্রীতিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার রবিউল ইসলাম এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, উপকারভোগী কৃষক-কৃষাণী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে পাইলট প্রকল্পের আওতায় দেশের ১১টি উপজেলার কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে কৃষকরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কৃষক কার্ডের মাধ্যমে তারা সার, বীজ ও অন্যান্য কৃষি সহায়তা সহজে পেতে পারবেন, যা কৃষি উৎপাদন বৃদ্ধি ও তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS