পঞ্চগড়ে কৃষকদের হাতে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন


পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের ব্যারিস্টার জমিরউদ্দিন কলেজিয়েট ইনস্টিটিউট মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে কার্ড তুলে দেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. জহিরুল ইসলাম, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালক (দিনাজপুর) মো. রিয়াজ উদ্দিন। এ ছাড়া জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কৃষক কার্ড বিতরণ কর্মসূচির অংশ হিসেবে দেশের ১১টি উপজেলার সঙ্গে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের প্রণোদনা, ভর্তুকি ও বিভিন্ন সরকারি সুবিধা সহজভাবে পৌঁছে দিতে কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জানা যায়, পঞ্চগড় জেলার দুটি উপজেলায় মোট ৩ হাজার ৫৫৪ জন কৃষককে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর ব্লকের ১ হাজার ৫৯২ জন কৃষককে প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নওশাদ জমির বলেন, কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, কৃষকদের আধুনিক প্রযুক্তি ও সরকারি সহায়তার আওতায় আনতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, ভবিষ্যতেও কৃষকদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে এবং কৃষিখাতকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
