×

পঞ্চগড় প্রেসক্লাবের আয়োজনে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যকে মানুষের সামনে তুলে ধরতে এই মেলার আয়োজন করেছে পঞ্চগড় প্রেস ক্লাব।
গতকাল সোমবার সন্ধ্যা বেলা পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ফরহাদ হোসেন আজাদ। পরে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ইমাম রাজী টুলু, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাজমূল ইসলাম কাজল, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “পঞ্চগড়ের সাংবাদিকরা একটি সুন্দর ও ব্যতিক্রমধর্মী আয়োজন করেছেন। হস্ত ও কুটির শিল্প আমাদের দেশের ঐতিহ্যের অংশ। এই মেলার মাধ্যমে স্থানীয় শিল্প ও সংস্কৃতির প্রসার ঘটবে। আমরা সবাই মিলে দেশ ও মানুষের উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, স্থানীয় হস্ত ও কুটির শিল্পের বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই সঙ্গে স্থানীয় উদ্যোক্তারা যেন তাদের পণ্যের যথাযথ প্রচার ও বাজারজাতকরণের সুযোগ পান, সে বিষয়েও আয়োজকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
এবারের মেলায় পঞ্চগড়সহ আশপাশের বিভিন্ন জেলার ক্ষুদ্র উদ্যোক্তারা অংশ নিয়েছেন। মেলায় প্রায় ৭০টি স্টলে বিভিন্ন ধরনের হস্তশিল্প, কুটির শিল্পজাত পণ্য, দেশীয় পোশাক, মাটির তৈরি সামগ্রী, বাঁশ ও বেতের পণ্য, গৃহসজ্জার সামগ্রী এবং লোকজ ঐতিহ্যের নানা উপকরণ স্থান পেয়েছে।
আয়োজকরা জানান, মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশের জন্য নির্ধারিত প্রবেশ ফি রাখা হয়েছে। উদ্বোধন শেষে অডিটোরিয়াম চত্বরে মনোজ্ঞ আতশবাজির আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মধ্যে বাড়তি আনন্দ যোগ করে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।