

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার চারটি সংসদীয় আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো বলেছেন, “প্রশাসনের হোক কিংবা দলের—কোনো অন্যায়ের সঙ্গে আমরা আপস করব না এবং কাউকে অন্যায় করতে দেব না।”
আজ বুধবার বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মমতাজ আলো নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে দলের মধ্যে ঐক্য বজায় রেখে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি গাইবান্ধায় মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং স্থানীয় গণতান্ত্রিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান, সদস্যসচিব আব্দুস ছালাম মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
