×

গাইবান্ধায় ডিবির অভিযানে ২২শ’ কেজি শাহী জিরাসহ গ্রেফতার ২

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে প্রায় ১৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের ২ হাজার ২শ’ কেজি শাহী জিরা উদ্ধার করা হয়েছে। এ সময় চোরাচালান চক্রের সাথে জড়িত অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত আরও একজন পলাতক রয়েছেন।
আজ বৃহস্পতিবার গাইবান্ধা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আব্দুল মোত্তালিব সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রেফতাকৃতরা হলেন পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম বেড়াডাঙ্গা (গণেশপুর) এলাকার মো. শাহজালাল ইসলাম (২৫) এবং বগুড়ার সারিয়াকান্দি উপজেলার আমতলী এলাকার মো. নওশাদ হাসান ওরফে আতিক (৩০)। পলাতক আসামী হলেন বগুড়া সদর উপজেলার রাজা বাজার এলাকার মো. শাহিন আলম (৩২) সে এই চক্রের মূলহোতা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, পুলিশ সুপার মো. জসিম উদ্দিনের সার্বিক দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা সদর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ট্রলিযোগে বিপুল পরিমাণ শাহী জিরা পলাশবাড়ীর দিকে নেয়ার সময় পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে শাহজালাল ইসলামকে আটক করা হয়।
পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে পলাশবাড়ী ওভারব্রিজ এলাকা থেকে নওশাদ হাসান ওরফে আতিককে গ্রেফতার করা হয়। পরে দুই আসামীকে সাথে নিয়ে পলাশবাড়ী উপজেলার গণেশপুর বাজারে একটি গোডাউনে অভিযান চালিয়ে ৮৮ বস্তা শাহী জিরা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ২৫ কেজি করে মোট ২ হাজার ২০০ কেজি শাহী জিরা পাওয়া যায়, যার আনুমানিক বাজার মূল্য ১৩ লাখ ২০ হাজার টাকা।এ ছাড়া গোডাউন থেকে জিরা প্যাকেজিংয়ের কাজে ব্যবহৃত ৩০টি খালি প্লাস্টিকের বস্তা, ১০টি ভারতীয় মার্কাযুক্ত খালি বস্তা এবং একটি স্যালো মেশিন চালিত ট্রলি জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, পলাতক শাহিন আলম এই চোরাচালান চক্রের মূলহোতা এবং দীর্ঘদিন ধরে অবৈধভাবে শাহী জিরার ব্যবসা পরিচালনা করে আসছেন।
এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং-৫৬, তাাং-৩০/০৭/২০২৬) দায়ের করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।