×

পঞ্চগড় সদরে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি
উত্তরবঙ্গে প্রথমবারের মতো পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নে পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের নতুন হাটের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে ধাক্কামারা ইউনিয়নের টিটিসি-সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে এ হাটের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাটের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু।
ধাক্কামারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম টয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয় আয়োজক কমিটির আহ্বায়ক তানভিরুজ্জামান।
আয়োজকেরা জানান, প্রতি শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ হাটে পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয় করা হবে। নির্দিষ্ট ও নিরাপদ স্থানে পুরাতন মোটরসাইকেল কেনাবেচার সুযোগ তৈরি করাই এ হাট চালুর মূল উদ্দেশ্য। এতে ক্রেতা ও বিক্রেতারা একই স্থানে এসে মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করে লেনদেন করতে পারবেন।
তাঁরা আরও জানান, প্রতি শনিবার টিটিসি-সংলগ্ন ধাক্কামারা এলাকায় এ হাট বসবে। ফলে পঞ্চগড় সদরসহ জেলার বিভিন্ন উপজেলা এবং আশপাশের এলাকার মানুষ সহজেই পুরাতন মোটরসাইকেল কেনাবেচার সুযোগ পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, মোটরসাইকেল মালিক, ক্রেতা-বিক্রেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।