×

বীরগঞ্জে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন’ বুথ উদ্বোধন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’এই স্লোগানকে সামনে রেখে ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে আরও গতিশীল করতে দিনাজপুরের বীরগঞ্জে “ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন” বুথ উদ্বোধন করেছে পূবালী ব্যাংক পিএলসি, বীরগঞ্জ শাখা।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় পৌর শহরের ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড মোড়ে, আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়। ক্যাম্পেইনের আওতায় গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট, কার্ড ব্যবহার এবং ‘বাংলা কিউআর’ সেবার সুবিধা সম্পর্কে সরাসরি ধারণা প্রদান ও সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।ব্যাংকের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয় এবং আনুষ্ঠানিকভাবে ‘বাংলা কিউআর’ কোডের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে পূবালী ব্যাংক বীরগঞ্জ শাখার ব্যবস্থাপক মো: রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রংপুরের পরিচালক মো: দেওয়ান সিরাজ। বীরগঞ্জ শাখার সিনিয়র অফিসার মো: আবু সায়েমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জোনের অঞ্চল প্রধান মো: আলতাফ হোসেন, বাংলাদেশ ব্যাংক রংপুরের যুগ্ম পরিচালক মো: সোহেল রানা, সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, বীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম, রংপুর রিজিওনাল অফিস জোনাল ইনচার্জ মো. হুমায়ুন কবিরসহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক রংপুরের পরিচালক মো: দেওয়ান সিরাজ বলেন, ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার বিস্তার দেশের আর্থিক খাতকে আরও স্বচ্ছ, গতিশীল ও জনবান্ধব করবে। নগদ লেনদেনের ওপর নির্ভরতা কমিয়ে নিরাপদ ও আধুনিক আর্থিক ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়াই সময়ের দাবি।
সভাপতির বক্তব্যে মো. রেজাউল করিম বলেন, ডিজিটাল লেনদেন কেবল সময় ও খরচ সাশ্রয় করে না; বরং একটি নিরাপদ আর্থিক ইকোসিস্টেম গড়ে তোলে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পূবালী ব্যাংক আধুনিক ব্যাংকিং সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।