

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় বীরগঞ্জ ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. তামজিদ আহমেদের সভাপতিত্বে শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টির ৭২ জন পরীক্ষার্থীর সবাই কৃতকার্য হয়েছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৫ জন। এর মধ্যে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে ১১ জন। এ ছাড়া ‘এ’ গ্রেড পেয়েছে ৩৩ জন, ‘এ-মাইনাস’ পেয়েছে ১২ জন এবং ‘বি’ গ্রেড পেয়েছে ২ জন।
অনুষ্ঠানে জিপিএ-৫ অর্জনকারী ২৫ শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি তাদের আনন্দ ও উৎসাহ বাড়াতে মিষ্টি বিতরণ করা হয়। কৃতী শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক, অভিভাবক ও উপস্থিত অতিথিরা সন্তোষ প্রকাশ করেন।
অধ্যক্ষ মো. তামজিদ আহমেদ বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য শুধু তাদের নিজেদের নয়, এটি পরিবার, শিক্ষক ও প্রতিষ্ঠানের জন্যও গর্বের বিষয়। নিয়মিত অধ্যয়ন, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং শিক্ষকদের দিকনির্দেশনা মেনে চললে ভবিষ্যতে তারা আরও ভালো ফলাফল অর্জন করতে পারবে। তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় মনোযোগী হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন পরিচালনা পর্ষদ সদস্য ডা. মো. ওবায়দুল হক, সাংবাদিক মো. নাজমুল ইসলাম (মিলন), মাধ্যমিক শাখার ইনচার্জ শিক্ষক মো. সুরুজ্জামান ও প্রতিষ্ঠানের জিএম মো. রুবেল ইসলাম।
এ সময় সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষক, অভিভাবক ও সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। ভবিষ্যতে বিদ্যালয় থেকে আরও বেশি শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
