ঘোড়াঘাটে নিয়ম বহিঃর্ভূত পেট্রোল বিক্রির দায়ে ২০হাজার টাকা জরিমানা


হিলি প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসনের নিয়ম না মেনে ফুয়েল কার্ড ছাড়া বাইকারকে প্রায় ১৫০০ লিটার পেট্রোল বিক্রির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুরে পৌর শহরে অবস্থিত সাধনা ফিলিং স্টেশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
জানা গেছে, ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের নির্ধারিত নিয়ম অনুযায়ী ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বিক্রির সুযোগ না থাকলেও সাধনা ফিলিং স্টেশনটি তা অমান্য করে ফুয়েল কার্ড ছাড়াই বিক্রি করছে।
এবিষয়ে অভিযোগ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে আজকের পেট্রোল বিক্রির রেজিস্টার খাতা পর্যালোচনা করে। এতে ফুয়েল কার্ড ছাড়া বিপুল পরিমাণ প্রায় ১৫০০ লিটার পেট্রোল বিক্রির সত্যতা পাওয়া যায়।
এঘটনায় স্টেশনটির দায়িত্বরত ম্যানেজার আল মামুন অনিয়মের বিষয়টি স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা জরিমানা করে এবং ভবিষ্যতে এমন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্কবার্তা দেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুঠোফোনে রুবানা তানজিন জানান, জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো প্রতিষ্ঠান নিয়ম ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
