ড্রামে মজুদ করে রাখা ডিজেলে ডুবে শিশুর মৃত্যু


গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ড্রামে মজুদ রাখা ডিজেলে পড়ে আরাফ প্রামাণিক (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আরাফ উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের আশিকুর রহমান বাবু প্রামাণিকের ছেলে।
আজ বুধবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির বাবা আশিকুর পেশায় একজন ট্রাক মালিক। তিনি বাড়ির বারান্দায় অর্ধেক কাটা প্লাস্টিকের ড্রামে প্রায় ৫০ লিটার ডিজেল সংরক্ষণ করে রেখেছিলেন। গতকাল মঙ্গলবার বিকেলে খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশু আরাফ ওই ড্রামের ডিজেলে পড়ে যায়।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তার মৃত্যু হয়।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বাড়ির আশপাশে দাহ্য পদার্থ বা তরল জ্বালানি খোলা অবস্থায় রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অভিভাবকদের আরও সতর্ক ও সচেতন হওয়া জরুরি।
