বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে পল্লীশ্রী’র আয়োজনে ‘আত্মমর্যাদায় নিজেকে ফিরে দেখা’ শীর্ষক মিলনমেলা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
নারীর অধিকার, আত্মমর্যাদা ও স্বনির্ভরতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে ‘আত্মমর্যাদায় নিজেকে ফিরে দেখা’ শীর্ষক মিলনমেলা-২০২৬।
বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আজ বুধবার পল্লীশ্রী প্রাঙ্গণে মিলনমেলা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্যকে সামনে রেখে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে মর্যাদা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয় এ মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন পল্লীশ্রী’র নির্বাহী পরিচালক শামিম আরা বেগম।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, ছোট ছোট উদ্যোগ গ্রহণের মাধ্যমে নারীরা উদ্যোক্তা হিসেবে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে পারে। তিনি নারীদের বিভিন্ন উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রোজিনা ইয়াসমিনসহ অন্যান্যরা।
এছাড়া উপস্থিত ছিলেন বিভাগীয় ও জাতীয় পর্যায়ে ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত সফল জননী নুরবানু কবির, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আশিকা আকবর, বাংলাদেশ মহিলা পরিষদের নির্বাহী কানিজ ফাতেমাসহ বিভিন্ন ক্ষেত্রের নারীরা। সঞ্চালনা করেন পল্লীশ্রী’র প্রোগ্রাম অফিসার শামসুন নাহার।
মিলনমেলায় বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা নিজেদের জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তব্য দেন রেহেনা বেগম (আস্করপুর নারী ক্লাব), আরফিনা (চেহেলগাজী নারী ক্লাব), মারুফা বেগম (রাজবাড়ী নারী ক্লাব) এবং মাইমুনা মিনুসহ অন্যান্যরা।
এছাড়াও অনুষ্ঠানে অধিকার ভিত্তিক বিভিন্ন তথ্যচিত্র উপস্থাপন করা হয় এবং দিনাজপুর জেলার নারী উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনের জন্য স্টল স্থাপন করেন।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন নারীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং সমাজে তাদের অবস্থান শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS